ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সন্ধ্যায় তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন মনজুরুল ইসলাম।
হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখা মাজহারুল ইসলাম চিকিৎসকের বরাতে বলেন, ‘স্যারকে সন্ধ্যা ৬টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কালকের (সোমবার) দিনটা পার হলে বোঝা যাবে। এখন 'ক্রিটিক্যাল' অবস্থায় আছেন।’
এর আগে শুক্রবার বিকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক মনজুরুলের। পরে তাকে নেওয়া হয় ল্যাবএইড হাসপাতালে।
সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে অস্ত্রোপচার করে দুইটি রিং পরানো হয়। চিকিৎসক তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন।
মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য দিয়ে ল্যাবএইড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ফারুক আহমেদ ডটকমকে বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম গত পরশু (শুক্রবার) আমাদের হাসপাতালে ভর্তি হন। ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। গতকাল তার অবস্থা ভালো ছিল। তবে গতকাল (শনিবার) রাত ৩টার দিকে ওনার অবস্থা আবার খারাপ হয়ে যায়। আজ (রবিবার) বিকালের দিকে তিনি অক্সিজেন নিতে পারছিলেন না। এ অবস্থায় সন্ধ্যার আগে আগে উনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’