সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শারজায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের লক্ষ্য সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। আফগানিস্তান চায় জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াতে। টস হেরে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান তুলেছে ৯ উইকেটে ১৪৫ রান।
দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব। সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রানে নেন ৩ উইকেট। সাকিব ২৪ রানে নেন ২ উইকেট।
সিরিজ নিশ্চিত হওয়ায় বিশ্রাম দেওয়া হয় পেসার মোস্তাফিজুর রহমানকে। দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া শরিফুলের প্রথম ওভারেই ১১ রান হয়। তবে তৃতীয় ওভারে ফিরে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন। ইব্রাহিম জাদরানকে (৭) ফিরিয়ে। পরের ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে (৯ বলে ১২) আউট করেন নাসুম। ইনিংসের ষষ্ঠ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নেন সাইফউদ্দিন। তাতে পাওয়ার প্লেতে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৯।
চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটি গড়ে আফগানিস্তান। সেদিকুল্লাহ অটলকে (২৮) ফিরিয়ে সেই জুটি ভাঙেন সাইফউদ্দিন। তবে এরপর নিয়মিত উইকেট হারায় আফগানিস্তান। ওমরজাই (৩), নবিও (১) ফেরেন দ্রুত।
ইনিংসের ১৫তম ওভারে টানা দুই বলে রশিদ খান (১২) ও আহমেদজাইকে আউট করেন তানজিম হাসান সাকিব। তাতে ১৫ ওভারের আগে দলীয় একশো পূরণের আগেই ৮ উইকেট হারায় আফগানিস্তান।
তবে এক প্রান্তে থাকা দারউইশ রাসুলি, মুজিবুর রহমানকে নিয়ে দলের সংগ্রহ একশো পাড় করেন। নবম উইকেট জুটিতে ওঠে ৩৪ রান। রাসুলিকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফউদ্দিন। তৃতীয় উইকেটটি নিয়ে ক্যারিয়ারে ৫০ উইকেট পূর্ণ করেন সাইফউদ্দিন।
বিশতম ওভারের প্রথম বলে মুজিবুর এর ক্যাচ মিস করেন সোহান। তবে রান নেননি তিনি। দ্বিতীয় বলেও রান না নিয়ে, তৃতীয়টিতে নেন সিঙ্গেল। শেষ ৩ বল থেকে আসের আরও ৭ রান। তাতে লড়াইয়ের পুঁজি পায় আফগানিস্তান। শেষ ৫ ওভারে তারা তোলে ৪৫ রান।