সেভিয়ার মাঠে হার বার্সেলোনার

সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু পেনাল্টি মিস করে হতাশা বাড়ালেন রবার্ট লেভানডফস্কি। উজ্জীবিত পারফরম্যান্সে শিরোপাধারীদের উড়িয়ে দিল সেভিয়া। প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দ্বিতীয় হারের স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।

চোট আক্রান্ত লামিন ইয়ামাল ও রাফিনহাকে ছাড়া খেলতে নামা বার্সেলোনা গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৮টি। সেভিয়ার ১৩ শটের ৫টি লক্ষ্যে ছিল।

রোমেরোকে বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্দ আরাউহো বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ১৩ মিনিটে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন সানচেজ। ৩৬ মিনিটে মাঝমাঠে বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে বলের নিয়ন্ত্রণ হারানোর পর, আক্রমণে ওঠে সেভিয়া। বাঁ দিক থেকে রুবেন ভার্গাসের পাস বক্সে পেয়ে প্রথম শটে গোল করেন ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড ইসাক রোমেরো।

প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্যবধান কমান র‍াশফোর্ড। ডান দিক থেকে পেদ্রির ক্রস দূরের পোস্টে পেয়ে হাফ ভলিতে জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।

৭৩ মিনিটে আলেহান্দ্রো বাল্দে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক বাইরে মেরে হতাশ করেন লেভা।৯০ মিনিটে ডান পায়ের শটে গোল করে সেভিয়ার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন হোসে আনহেল কারমোনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের চতুর্থ গোলটি করেন অ্যাকর অ্যাডামস।