বিস্ফোরক মামলায় ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খালাস পেয়েছেন।

গতকাল রবিবার ঢাকার পৃথক দুই আদালত এসব রায় দেয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক কামরুল হাসান খান এক রায়ে গয়েশ্বর চন্দ্র রায়কে খালাস দেন।

২০০৯ সালের ৫ জানুয়ারি দুদকের উপপরিচালক এসএম মফিদুল ইসলাম রমনা থানায় মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গয়েশ্বর তার সম্পদের বিবরণীতে দুটি বাড়ি দেখিয়েছেন, যার মধ্যে ঢাকার রায়ের বাজারের ছয়তলা বাড়ির নির্মাণ ব্যয় ৪০ লাখ ৮০ হাজার টাকা এবং কেরানীগঞ্জে পৈতৃক জমিতে বানানো বাড়ির নির্মাণ ব্যয় ১৫ লাখ ৪ হাজার টাকা দেখান।

এ ছাড়া গয়েশ্বরের বাসায় ব্যবহার্য ৫৮ হাজার ৬০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায়, যা তার ঘোষণা ও জ্ঞাত আয়বহির্ভূত। এ ছাড়া গয়েশ্বর ২০০৪-০৫ সালে ক্ষমতাসীন দলের নেতা হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে আবদুল মোনেম লিমিটেড ও রেজা কন্সট্রাকশনের কাছ থেকে ২ কোটি ৬১ লাখ টাকা নেন, যা তার অবৈধ অর্জন।