দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিলেন কার্লো আনচেলত্তি। তবে রোমার খেলোয়াড় ওয়েসলি চোট পাওয়ায় ব্রাজিল জাতীয় ফুটবল দলে স্কোয়াডে আবারও পরিবর্তন আনতে হয়েছে। ওয়েসলির বদলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কোর ডিফেন্ডার পাওলো হেনরিক।
২৯ বছর বয়সী পাওলো হেনরিক ভাস্কোর হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ৪৭ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৪টি, অ্যাসিস্ট ৫টি। গতকাল রবিবার ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ওয়েসলি। এর আগে আরেক ডিফেন্ডার ভ্যান্ডারসন ইনজুরির কারণে ছিটকে যান। তার জায়গায় আগেই বোটাফোগোর ভিতিনহো ডাক পেয়েছিলেন। একই দিনে এডারসন চোটে পড়লে ডাক পান জন।
আজ সোমবার ব্রাজিল দলের সিউলে পৌঁছানোর কথা আছে। আগামী শুক্রবার (১০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং মঙ্গলবার (১৪ অক্টোবর) তারা জাপানের বিপক্ষে মাঠে নামবে। এদিকে ১৫ অক্টোবর থেকে ব্রাজিলিয়ান লিগ ‘ব্রাসিলেইরাঁও’-এর ২৮তম রাউন্ড শুরু হবে। তাই হুগো সুজা, ফাব্রিসিও ব্রুনো ও পাওলো হেনরিক নিজ নিজ ক্লাবের হয়ে সেই ম্যাচে খেলবেন না বলে নিশ্চিত করা হয়েছে।
ব্রাজিলের হালনাগাদ স্কোয়াড:
গোলরক্ষক: বেন্তো (আল-নাসর), হুগো সুজা (করিন্থিয়ান্স), জন (নটিংহ্যাম ফরেস্ট)।
ডিফেন্ডার: কাইও হেনরিক (মোনাকো), কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), ডগলাস সান্তোস (জেনিত), মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), বেরালদো (পিএসজি), ভিতিনহো (বোটাফোগো), পাওলো হেনরিক (ভাস্কো)।
মিডফিল্ডার: আন্দ্রে (উলভস), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যান ইউনাইটেড), জোয়াও গোমেজ (উলভস), জোয়েলিন্তন (নিউক্যাসল), প্যাকেতা (ওয়েস্ট হ্যাম)।
ফরোয়ার্ড: এসতেভাও (চেলসি), মার্টিনেলি (আর্সেনাল), ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট), লুইজ হেনরিক (জেনিত), মাতেয়ুস কুনহা (ম্যান ইউনাইটেড), রিশার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।