পূর্ব ঘোষণা অনুযায়ী আর কিছুদিন পরেই সংগীত থেকে বিশেষ করে স্টেজ শো বা মঞ্চে আর গান গাইতে দেখা যাবে না দেশের আলাচিত গায়ক ও অভিনেতা তাহসান খানকে। এমনকি পুরো সংগীত দুনিয়া থেকেই এক প্রকার বিদায় নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের এক কনসার্টে গান থেকে অল্প কথায় নিজেকে সরিয়ে নেয়ার কথা বললেও দেশে ফিরে এবার বিষয়টির ব্যাখ্যা দিলেন এই তারকা।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দিয়েছিলেন তাহসান। প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেখানে উপস্থিত হয়ে আয়োজক ও অতিথিদের কয়েকটি গান গেয়ে শোনান তিনি। গান ছাড়ার প্রশ্নে গায়ক-অভিনেতা তার সিদ্ধান্ত এবং এর পেছনের ভাবনা ব্যাখ্যা করেন।
তাহসান বলেন, ‘আমি নিশ্চিত নই যে এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ। কারণ মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হয় যে আমি কী বলছি। তবে একটি বড় বিষয় হচ্ছে, অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন যে, সংগীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছ? আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি।’
তাহসান আরও বলেন, ‘‘আমার ভাইয়ের কথা ছিল, যেকোনো শিল্পীর মেয়াদকাল খুব কম। তুমি এই এরিয়াতে গেলে আবার তো ফেরত আসতে পারবে। সুতরাং আমি এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম; যে আর্টিস্টের মেয়াদকাল কমও হতে পারে, কিন্তু আর্টিস্টকে তৈরি করা ‘আর্ট’-এর মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে।’’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে যে আমি ততটুকু সময়ই কাজ করব যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের সেই ভালোবাসাটা পাবো। কারণ আমি দেখেছি যে অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে। কিন্তু এই ক্যারিয়ারটায় যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। সো ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেটার।’