হোয়াইট হাউসের সর্তকবার্তা

শাটডাউনের মেয়াদ বাড়লে সরকারি কর্মীরা ব্যাপক ছাঁটাই হতে পারে

যুক্তরাষ্ট্রে শাটডাউনের মেয়াদ বাড়তে থাকলে সরকারি কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ।

সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সিদ্ধান্ত নেন যে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে আংশিক সরকারি শাটডাউন শেষ করার আলোচনায় কোনো অগ্রগতি সম্ভব নয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হতে পারে।

এরইমধ্যে পাঁচ দিন পার হয়েছে দেশটির শাটডাউনের। এখনও তহবিল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের সমাধান হয়নি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে।

আজ সোমবার এই ইস্যুতে আরেক দফা ভোটাভুটি হবে মার্কিন কংগ্রেসে।

তবে দুই দলের ঐক্যমত্যের কোনো ইঙ্গিত মেলেনি। অতি জরুরি পরিষেবা ছাড়া গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মার্কিন প্রশাসনের সব সরকারি কার্যক্রম। শাটডাউনের কারণে বেতন আটকে আছে লাখ লাখ সরকারি কর্মীর। এই অচলাবস্থার জন্য আবারও ডেমোক্র্যাটদেরই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার রাতে সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে সরকারের বিরুদ্ধে মামলা করেছে ফেডারেল কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো। তারা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কর্মকর্তাদের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে সোমবার থেকেই গণছাঁটাই শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা জানিয়ে ট্রেড ইউনিয়নগুলো এই ছাটাই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আবেদন করে। 

এর ‍আগে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছিল, অন্তর্বর্তী বাজেট বিল সোমবার পাস না হলে কর্মী ছাঁটাই শুরু হতে পারে। মামলাটিতে  সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তারা অবৈধভাবে কংগ্রেস কর্তৃক অনুমোদিত অর্থের ঘাটতিকে ছাঁটাইয়ের সুযোগ হিসেবে নিচ্ছে।

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সরকারি অচলাবস্থা অব্যাহত থাকায় বর্তমানে প্রতিদিন প্রায় ৭.৫ লাখ কর্মী বাধ্যতামূলক ছুটিতে আছেন এবং যার দ্রুত সমাধানের কোনো লক্ষণ নেই।