কটকে ব্যাপক সংঘর্ষে ৩৬ ঘন্টার কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ

ভারতের ওড়িশার কটক শহরে দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

গত শুক্রবার রাতে কটকের দরগা বাজার এলাকায় শোভাযাত্রার সময় উচ্চ শব্দের সংগীতকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়।

এ ঘটনায় ডেপুটি কমিশনারসহ কয়েকজন আহত হন। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে এবং আরও অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

শনিবার রাতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোটরসাইকেল র‌্যালি বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। র‌্যালি চলাকালে কিছু দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।

প্রশাসন রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কটক পৌরসভা, সিডিএ ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমও এ সময়ে ব্যবহার করা যাবে না।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি বলেন, কটকের শান্তি কিছু দুষ্কৃতীর কারণে বিঘ্নিত হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

এদিকে, রাজ্যের পুলিশ মহাপরিদর্শক জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করছেন। শহরে ইতোমধ্যেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্থগিত থাকা বিসর্জন কার্যক্রম সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, মোট ১২০টি প্রতিমা শান্তিপূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়েছে।