নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিতে আইনি কোনো বাধা না থাকায় আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। তিনি নির্বাচন কমিশনের কাছে জনবিচ্ছিন্ন কিছু প্রতীক বাতিলেরও অনুরোধ জানান।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালী এলাকায় আর.পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক সংবাদ বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তার স্বাধীনতা বজায় রাখতে না পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তবে তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। একটি দলকে নির্দিষ্ট প্রতীক দিতে ব্যর্থ নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা কীভাবে রাখা সম্ভব, তা-ও তিনি প্রশ্ন করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। তাই সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। দেশের অভ্যন্তরে বা বাইরে থেকে যারা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এসময় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক জার্জিস কাদির বাবু প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। নাটোর থেকে শুরু হওয়া এ সমন্বয় সভা বিকেলে রাজশাহী ও পরদিন সকালে নওগাঁ ও বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে।