জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক বরাদ্দ দিতে না পারলে এই নির্বাচন কমিশনের ওপর জনগণ আস্থা হারাবে। আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। যে নির্বাচন কমিশন একটা মার্কা দেয়ার মতো শক্ত মেরুদণ্ড দেখাতে পারে না তারা কোন সুষ্ঠু নির্বাচনও দিতে সক্ষম হবে না।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর শহরের আর পি কনভেনশন সেন্টারে এনসিপি নাটোর জেলা কমিটি আয়োজিত সমন্বযয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আইনগত কোন বাধা না থাকলে দেশের যেকোন দলের চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়া উচিত। কোন প্রতীক আগে থেকে তালিকায় না থাকলে তা যুক্ত করতে হবে কিন্তু মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক তালিকায় রাখা যাবে না। নির্বাচন কমিশনকে এনসিপির চাহিদা অনুযায়ী শাপলা দিতে হবে।
এনসিপি নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ, নাটোর জেলা সিনিয়র সমন্বয়কারী ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ, সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান পিয়াস, মো. তৌফিক নেওয়াজ, মাহফুজুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা সভাপতি শিশির মাহমুদ প্রমুখ।