অবশেষে পাইলট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ককপিটে

চার বছর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিয়েছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে সেবার বিভাগীয় ক্যাটাগরির ভোটে হেরে যান তিনি। 

এবার ক্যাটাগরি পাল্টে সাবেক অধিনায়ক ও বিভিন্ন সংস্থার ক্যাটাগরি 'সি' থেকে প্রার্থী হয়েছিলেন স্পষ্টভাষী খালেদ মাসুদ পাইলট। এই ক্যাটাগরিতে তার দুজন প্রতিদ্বন্দ্বীর একজন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। অন্যজন ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। ৪৫ ভোটারের মধ্যে ৩৫-৭ ভোট পেয়ে নির্বাচিত হয়ে পরিচালক হয়ে বিসিবিতে আসছেন তিনি। 

সকালে ভোট দিচ্ছিলেন খালেদ মাসুদ পাইলট। ছবি: দেশ রূপান্তর

এদিকে সাংবাদিকদের কাছে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তোলেন দেবব্রত পাল। এসময় সরকার এবং দায়িত্বশীলদের দিকে পরোক্ষ ইঙ্গিত দেন তিনি,  ‘জেলা, বিভাগ এবং ক্লাব, অনেক প্রার্থীই নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি ক্রিকেট মাঠে শত প্রতিবন্ধকতা স্বত্বেও শেষ পর্যন্ত মাঠে থাকতাম। এখানেও অনেক প্রতিবন্ধকতা স্বত্বেও মাঠে রয়ে গেছি।’