এশিয়া কাপের বিতর্কের পর ভারত-পাকিস্তান ম্যাচ আর হওয়া উচিত নয়: আথারটন

এশিয়া কাপে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাগুলোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচগুলো আর আলাদা করে আয়োজিত করা উচিত নয় বলে মত দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন।

দ্য টাইমস পত্রিকায় লেখা এক কলামে আথারটন বলেন, ‘একসময় ক্রিকেট ছিল কূটনীতির বাহন। এখন এটি স্পষ্টতই বিস্তৃত উত্তেজনার প্রতীক ও প্রচারণার হাতিয়ার হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ একটি খেলা তার আর্থিক স্বার্থে এভাবে সূচি সাজাবে, এর কোনো যৌক্তিকতা নেই। আর এখন যখন এই প্রতিদ্বন্দ্বিতাকে নেতিবাচকভাবে ব্যবহার করা হচ্ছে, তখন তো আরও কোনো যৌক্তিকতা থাকে না।’

এশিয়া কাপে তিন ম্যাচে ভারত অধিনায়ক পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। ফাইল ছবি

সম্প্রতি আরব আমিরাতে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল। ফাইনাল ম্যাচে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সঙ্গে হাতমেলাতে অস্বীকার করেন পাহালগাম সন্ত্রাসী হামলা ও ভারতের পাল্টা সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে। এরপর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠেও। পাকিস্তানি ক্রিকেটারদের বিতর্কিত অঙ্গভঙ্গি, আর ভারতের পক্ষ থেকে এশিয়া কাপের শিরোপা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ড প্রধান মোহসিন নাকভির কাছ থেকে গ্রহণে অস্বীকৃতি, বিষয়গুলো আরও তিক্ত করে তোলে সম্পর্ক। এমনকি নারী ওয়ানডে বিশ্বকাপেও দুই দলের অধিনায়ক করমর্দন করতে রাজি হননি।

নারী বিশ্বকাপের ম্যাচেও পাকিস্তান অধিনায়কের সাথে করমর্দন করেননি ভারত অধিনায়ক । ফাইল ছবি

২০১৩ সালের পর থেকে যতগুলো আইসিসি টুর্নামেন্ট হয়েছে, প্রতিটিতেই গ্রুপ পর্বে এই দুই দল মুখোমুখি হয়েছে। আথারটন লিখেছেন, ‘এটি বিরল লড়াই হলেও (হয়তো আংশিকভাবে এটি বিরলই) এর অর্থনৈতিক গুরুত্ব বিপুল। এ কারণেই আইসিসি টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব এত দামে বিক্রি হয়েছে। সর্বশেষ ২০২৩–২৭ চক্রে যা ছিল প্রায় ৩ বিলিয়ন ডলার। দ্বিপক্ষীয় সিরিজের মূল্য কমে যাওয়ায় আইসিসি টুর্নামেন্টের গুরুত্ব বেড়েছে, আর এই ভারত–পাকিস্তান ম্যাচ সেই আয়-ব্যয়ের হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তবে তাঁর মতে, ক্রিকেট এখন আর কূটনীতির সেতুবন্ধ নয়, বরং রাজনৈতিক উত্তেজনার প্রতিচ্ছবি। তাই কেবল অর্থনৈতিক স্বার্থে ম্যাচ আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

'আগামী সম্প্রচার স্বত্ব চক্র থেকে শুরু করে আইসিসির টুর্নামেন্ট ফিক্সচার ড্র যেন সম্পূর্ণ স্বচ্ছ হয়। যদি ভারত-পাকিস্তান প্রতিবার মুখোমুখি না-ও হয়, তবু সেটা মেনে নেওয়া উচিত,' লিখেছেন আথারটন।