খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় মুজিব শতবর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা চলাকালে কেডিএ কর্তৃক বিতরণ করা লিফলেটেই ছিল মুজিব বর্ষের লোগো। এসময় উপস্থিত অতিথি ও দর্শকরা চরমভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং লিফলেট হাতে নিয়ে প্রতিবাদ জানাতে থাকে।
তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে অসম্মান করেছে।
কেডিএর দায়িত্বহীনতার প্রশ্ন তুলে ধরে প্রকৌশলী শেখ মাহমুদ আলম বলেন, এখনও ছাত্রজনতার রক্তের দাগ না শুকাতেই শেখ মুজিবের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। আমরা মনে করি, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।
এ বিষয়ে কেডিএর পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এ সম্পর্কে আমি কিছুই জানি না।
ভুল স্বীকার করে কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ভুলবশত পুরনো কিছু লিফলেট বিতরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরে বেশকিছু লিফলেট নষ্ট করে দিয়েছি। এ বিষয়ে নীতিগত যা ব্যবস্থা নেওয়ার দরকার, তা আমরা নেবো।