রাজধানীর লালবাগ এলাকায় রাস্তার ওপর সবজি, মাছ, মুরগি ইত্যাদির দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয় জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে সাড়ে ৪ হাজার টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
সোমবার (৬ অক্টোবর) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আর একই আদালতে কোতয়ালী থানা পুলিশের দায়ের করা পৃথক মামলায় এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লালবাগ থানা সূত্রে জানা যায়, আসামিরা ৮-১০ বছর ধরে লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। পুলিশের বারবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তারা অবৈধভাবে পুনরায় ফিরে এসে দোকান বসানো অব্যাহত রাখেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা পুলিশ (৫ অক্টোবর ) রাতে তাদের গ্রেপ্তার করে।
অন্যদিকে সোমবার (৬ অক্টোবর) সকালে মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনা ঘটে। কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করে লালবাগ সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাজা দেন।