জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গতকাল মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলো হলো, বাংলাদেশ সচিবালয়সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও তার পার্শ্ববর্তী অঞ্চল।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং পর্যন্ত বিস্তৃত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর আগেও একাধিকবার এসব এলাকায় সভা-সমাবেশ নিষিধ করে ডিএমপি।