আদালত প্রাঙ্গণে সাবেক স্ত্রীকে ছুরি মেরে হত্যা

সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। নিহত শরীফা আক্তার (২৮) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে।

জানা যায়, গত ১০ বছর আগে ধর্মপাশা উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীফা আক্তার। তাদের একটি সাড়ে তিন বছর বয়সী মেয়ে আছে। কিন্তু গত এক বছর আগে পারিবারিক নানা বিষয়ে দাম্পত্য কলহ চলছিল। ছয় মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

পরে আক্তার হোসেন তার মেয়েকে নিজের হেফাজতে পাওয়ার দাবিতে আদালতে মামলা করেন। গতকাল মামলার হাজিরার দিন ছিল। ওই সময় হাজিরা দিতে এসে মেয়েকে রাখা নিয়ে কথা-কাটাকাটি হয় স্বামী আক্তারের সঙ্গে এরই একপর্যায়ে উত্তেজিত হয়ে আদালত প্রাঙ্গণের সামনে সাবেক স্বামী আক্তার হোসেন তার স্ত্রী শরীফা আক্তারকে ছুরিকাঘাত করে। পরে সেখান থেকে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে আটক করেন এবং আহত শরীফা আক্তারকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক দেশ রূপান্তরকে জানান, সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়েছে। ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।