ইন্টারনেট সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ইন্টারনেট সংযোগের ত্রুটি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) রাতে শাহজীবাজার দরগাগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রায়হান মিয়া (২৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোতালেব মিয়ার ছেলে। তিনি লিংক-৩ নামক ইন্টারনেট সার্ভিসের টেকনিশিয়ান ছিলেন।

স্থানীয় ও মাধবপুর ফায়ার সার্ভিস জানায়, রাতে শাহজীবাজার দরগাগেইট এলাকায় ইন্টারনেট লাইনের ত্রুটি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।