আজ শেষ সাক্ষীকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী ও মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীরকে জেরা করা হবে আজ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী মো. আমির হোসেন।  

সোমবার তাকে দিনভর জেরা করা হয়।  সে সময় আইনজীবী আমির হোসেন সাক্ষীকে বলেন, আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চেয়েছেন বলে আপনি জবানবন্দিতে উল্লেখ করেছেন-এটা সত্য নয়। 

 এ সময় তিনি বলেন, আসামিদের ফাঁসানোর জন্য তাকে স্বেচ্ছায় জবানবন্দি দিতে তদন্ত সংস্থার অন্য কর্মকর্তারা প্ররাচিত করেছেন।

এর জবাবে আলমগীর বলেন, এটা সত্য নয়; তিনি নিজের ‘ইচ্ছায়’ জবানবন্দি দিয়েছেন।

উক্ত মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।