কুমিল্লায় পুলিশের ওপর হামলা, আহত ৩

কুমিল্লার মেঘনায় চাঁদাবাজবিরোধী অভিযান পরিচলনা করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। 

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নলচর এলাকার পাথর ও বালুবোঝাই বোট থেকে একদল চাঁদাবাজ জোরপূর্বক টাকা আদায় করছিল। খবর পেয়ে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে একটি দল নলচর এলাকার দক্ষিণ পাশে গেলে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সাইদুল ও সোহাগ আহত হন। প্রথমে তাদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। 

এদিকে অভিযান চলাকালে নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা ও রুপ মিয়ার ছেলে সাজ্জাদকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।