শেরপুর সীমান্তে  ২৪ জনকে উদ্ধার, দালাল চক্রের দুই সদস্যও গ্রেপ্তার

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দালাল চক্রের সহায়তায় যাত্রার প্রস্তুতি নেওয়া ২৪ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে মানবপাচার চক্রের দুই সদস্যও রয়েছে।

শনিবার (৬ অক্টোবর) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপির টহল দল তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে সীমান্তের ১১১০ নম্বর পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে গজারিবাগান এলাকায় টহলরত বিজিবি সদস্যরা চারটি সিএনজিতে করে ২৪ জনকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায়। তারা জানান, ভারতে চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ জন্য প্রত্যেকে দালাল চক্রকে পাঁচ হাজার টাকা করে প্রদান করেছিলেন।

মানবপাচার চক্রের সঙ্গে জড়িত হিসেবে যাদের আটক করা হয়েছে, তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জের মিলন হক (৩৫) ও শেরপুরের নালিতাবাড়ীর মজনু মিয়া (৩৬)।

আটক অন্যদের মধ্যে রয়েছেন— মো. মজিবুর রহমান, শাহরিয়ার ইমন, ওয়াহিদ, কুরবান আলী, মিঠুন আলী, জয়নুল হোসেন, তৌফিক ওমর, ইব্রাহীম, আখতারুল, বিপ্লব হোসেন, মাহাবুর, শাকিল, ইয়াকুব আলী, তারিফ, রতন আলী, মামুন, আসমাউল, আকবরসহ আরও কয়েকজন।

এ ছাড়া চারজন সিএনজি চালকেরও নাম পাওয়া গেছে— মো. জাহাঙ্গীর আলম, মো. ফারুক, ইমন ও সোলাইমান; সবার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, “দালাল চক্রের দুই সদস্যের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।”