দুর্গাপূজায় পুলিশের ভূমিকা সর্বত্র সমাদৃত হয়েছে

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো জাতীয় অনুষ্ঠান আয়োজন, র‍্যালী, সাংস্কৃতিক বা সামাজিক উৎসব/অনুষ্ঠান উদযাপনে পুলিশের সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে জনমানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা বজায় রাখেন। সাম্প্রতিক সময়ে শারদীয় দুর্গাপূজায় পুলিশের ভূমিকা সর্বত্র সমাদৃত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে নব উদ্যমে পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথে রাষ্ট্রের সকল অগ্রযাত্রায় সারথী হওয়ার চেষ্টা করছে।

এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেও সম্প্রতি নরসিংদী, সিলেট, বগুড়া ও ফেনী জেলায় কিছু উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক কর্তব্যরত পুলিশের ওপর বে-আইনি আক্রমণের ঘটনা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। গত ৪ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপারের উপর আক্রমণ এবং বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সদস্যকে গ্রেফতারের সময় অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হন। ৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও ৫ জন পুলিশ সদস্য আহত হন। অদ্য ফেনী জেলার সোনাগাজী থানার পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

এসব সংবাদ আমাদেরকে ব্যথিত করে। একটি কুচক্রীমহল সুপরিকল্পিতভাবে বাংলাদেশ পুলিশের মনোবল দুর্বল করার নিমিত্তে ইউনিফর্মধারী পুলিশকে তার পেশাগত কাজে বাধা দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার এসব ঘটনা ঘটিয়েছে মর্মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে। জনশৃঙ্খলা ও আইনের শাসনের পরিপন্থী অপচেষ্টাকে রুখে দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে আইন প্রয়োগে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই সকল আইনশৃঙ্খলা বিরোধী পরিকল্পিত বে-আইনী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে অঙ্গীকার ব্যক্ত করছে যে, এসব বেআইনি কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ সদা তৎপর রয়েছে এবং তারা পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবে।