অন্ধকারের বার্তা নিয়ে অর্থহীনের নতুন অ্যালবাম

‘ফিনিক্সের ডায়েরি ১’-এর তিন বছর পর অ্যালবামটির সিক্যুয়াল আনছে জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীন। অন্ধকার ও প্রতিশোধের বার্তা নিয়ে আগামী ১৭ অক্টোবর প্রকাশ পাচ্ছে দলটির   ‘ফিনিক্সের ডায়েরি ২’। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টা নাগাদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থহীনের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন।  তিনি বলেন বলেন, ‘ফিনিক্সের ডায়েরি ২’ একটা নতুন জনরা তৈরি করা হয়েছে। এই অ্যালবাম দিয়ে নতুন এক ধরনের বাংলা রক পাবে শ্রোতারা। আজম খান আমাদের সংগীতের নতুন ধারা দিয়ে গেছেন। এরপর স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে কিন্তু আমরা নিজস্ব কোনো ঘরানা তৈরি

করতে পারিনি। এবার বলতে পারব এটা অর্থহীনের নিজস্ব ঘরানা। আমরা এই জনরার নাম দিয়েছি ‘বাংলা ন্যু রক’। 

সুমন আরও বলেন, গানগুলো শুনে মানুষজন প্রথমে একটা ধাক্কা খাবে। তবে আশা করছি, দর্শকরা বেশকিছু সারপ্রাইজ পাবে। ফিনিক্সের ডায়েরি ১ অ্যালবামে ‘ফিনিক্স ১’ একটা গান ছিল। যেটা মাঝপথে শেষ হয়ে যায়। ‘ফিনিক্সের ডায়েরি ২’ এই অ্যালবামে সেই গানটা পূর্ণতা পাবে। কেউ যদি দুইটা গান একত্রিত করে শোনে তাহলে ভিন্ন এক অনুভূতি পাবে। 

নতুন অ্যালবামে গানের গল্প তৈরি হয়েছে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধ ঘিরে। প্রথম অ্যালবামে ফিনিক্সের সহনশীলতা এবং পুনর্জন্মের চিত্র ছিল। এই অ্যালবামে চরিত্রটি চরম ক্ষতির পর প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে আশার প্রতীক থেকে ধ্বংসের প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়। 

সুমন বলেন, একটা পাখি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে তার নতুন জন্ম হয়। নতুন জন্ম পেয়ে সে প্রতিশোধপরায়ণ হয়ে যায়। আগে সে যে ভালো বার্তা দিত, এখন সেই বার্তা প্রতিশোধে পরিণত হয়। তার অসুস্থতার সময় বা পুড়ে যাওয়ার সময় সে কাউকে পাশে পায়নি। যাদেরকে পায়নি তাদেরকে ছেড়ে নতুন করে তৈরি হওয়ার গল্প বলবে। এই অ্যালবামটি হবে পূর্বের চেয়েও অন্ধকার, আরও তীব্র এবং সঙ্গীতগতভাবে আরও সমৃদ্ধ। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট ও অর্থহীনের সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলকে। 

অ্যালবামটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যামি নমিনি গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি; মাইক স্টারন ও ‘পল সায়মন’ খ্যাত স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি; সুপ ডগ, স্টিভি ওয়ান্ডার, ‘ডক্টর ড্রে’ খ্যাত বেইজ প্লেয়ার বাবি লুইস এবং সুমনের ছেলে আহনাফের কিছু অংশগ্রহণ রয়েছে বলে জানিয়েছেন এই গায়ক।অ্যালবাম মুক্তির আগে সিক্রেট লিসনিং সেশন কনসার্ট আয়োজন করা হয়েছে।