‘অর্থহীন’ ফিরছে তিন বছর পর

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। রক সংগীতের শক্তিশালী এই দলটির দলনেতা সুমনের অসুস্থতার মধ্যেও থেমে নেই দলটির অ্যাকটিভিটি। ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। অ্যালবামটি ওই সময় বিপুল সাড়া ফেলে সংগীত মহলে। প্রায় তিন বছরের মাথায় ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর বিশ্বব্যাপী মুক্তি এবং ভক্তদের জন্য একটি সিক্রেট লিসেনিং পার্টি ঘোষণা করা হলো এবার। এই সিক্যুয়ালটি অর্থহীন ব্যান্ড এবং তাদের সংগীতের জন্য এক নাটকীয় মোড় আনতে চলেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ‘ফিনিক্সের ডায়েরি ১’ বাংলা নতুন রক ঘরানাকে প্রতিষ্ঠা করেছিল, যা স্পটিফাই দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। অর্থহীনের নতুন অ্যালবামটি তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের গল্প তুলে ধরার পাশাপাশি সংগীতের সীমানা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায়  রাজধানীর একটি রেস্তোরাঁয় অর্থহীন তাদের নতুন এই অ্যালবামের বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করতে এবং ভক্তদের জন্য একটি এক্সক্লুসিভ লিসেনিং পার্টির বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন জানান, ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামটি আগামী ১৭ অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এছাড়া, ভক্তদের জন্য একটি অত্যন্ত গোপন ও বিশেষ অনুষ্ঠান সিক্রেট লিসেনিং পার্টি ঘোষণা করা হয়েছে। যা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

অর্থহীন ব্যান্ড তাদের অ্যালবাম মুক্তি এবং সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতা, শেল, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড, গেট সেট রক, ভার্স ইমেজিন-এর সহযোগিতা এবং হেভি মেটাল টি-শার্ট, মিউজিক ক্যাসেল, এসপি রিদম, স্কাইফল, টিউন অ্যান্ড বাইট মিউজিক ক্যাফে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, কুল এক্সপোজার-এর অংশীদারত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নতুন অ্যালবামটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যামি নমিনি গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি; মাইক স্টারন ও পল সায়মন খ্যাত স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি; ¯œুপ ডগ, স্টিভি ওয়ান্ডার, ডক্টর ড্রে খ্যাত বেইস প্লেয়ার বাবি লুইস এবং বেইসবাবা সুমনের পুত্র আহনাফের সঙ্গে বেশ কিছু কোলাবরেশন থাকবে। অ্যালবামটি  সংগীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছে অর্থহীন। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটির নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়ায় কনসার্টে অংশ নেবে তারা। ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসায় মঞ্চে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন। আরও কিছু শারীরিক সমস্যায় গত কয়েক বছরে তাকে বেশ কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এসব কারণে কনসার্টে অনিয়মিত হয়ে পড়ে অর্থহীন। দলটির ব্যবস্থাপক এহসানুল হক জানান, এই কনসার্টের মাধ্যমে আবারও মঞ্চে নিয়মিত হচ্ছে অর্থহীন। তিনি বলেন, ‘সুমন ভাইয়ের অসুস্থতার কারণে গত কয়েক বছর আমরা দেশের বাইরে যেতে পারিনি। দেশেও যে খুব বেশি আয়োজনে অংশ নিয়েছি, তা-ও নয়। এই সফর নিয়ে কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। সবশেষে ভাই সম্মতি দিয়েছেন।’

দলটি জানায়, এখন পর্যন্ত ১২টি শহরে অর্থহীনের কনসার্ট করার সম্ভাবনা রয়েছে। খুব শিগগিরই ব্যান্ডটির ফেসবুক পেজ ও অন্যান্য প্ল্যাটফর্মে চূড়ান্ত ভেন্যু ও তারিখ জানিয়ে দেওয়া হবে।