শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের ওমান প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে ঢাকা বিমানবন্দরে নেমে হঠাৎ মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। নাজিম উদ্দিন সিকদার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ হাছান সিকদারের পুত্র।

 মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্বজনরা লাশ নিতে বাঁশখালী থেকে ঢাকার পথে রয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন মৃতের ভাই হেফাজ উদ্দিন সিকদার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওমান প্রবাসী নাজিম উদ্দিন সিকদার দীর্ঘ দেড় যুগ ধরে ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করতেন। দুবাইয়ে তার বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। সেখানে তার স্ত্রী

ও দুসন্তানও থাকেন। এছাড়া ওমানে তার একটি খাবারের রেস্টুরেন্টও রয়েছে। তাছাড়া বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন নাজিম উদ্দিন সিকদার।

ঘটনার ব্যাপারে মৃত্যুবরণকারী নাজিম উদ্দিন সিকদারের ভাই হেফাজ উদ্দিন সিকদার স্থানীয় সংবাদকর্মীদের  জানান, ‘আমার ভাই নাজিম উদ্দিন প্রায়ই দেশে আসা-যাওয়া করতেন। আজ (মঙ্গলবার) সকালে দেশে আসার কথা জানালেও, কোন বিমানে এসেছেন তা জানা ছিল না। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এখন আমি ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য ঢাকার আগারগাঁও যাচ্ছি।’

মৃত্যুবরণকারী নাজিম উদ্দিন সিকদারের বোনের জামাই আকতার হোসেন জানান,  সে স্ত্রীসহ ওমানে থাকে। বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে। কীভাবে ও কী কারণে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তার স্ত্রী-সন্তান ওমান থেকে দেশে এলে দাফন ও জানাজাসহ প্রয়োজনীয় কার্যাদি হবে বলে তিনি জানান।

এদিকে নাজিম উদ্দিন সিকদারের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।