বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের নতুন রেকর্ড স্থাপন করেছে। আজ বুধবার (৮ অক্টোবর) প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স (প্রায় আড়াই ভরি) স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছাড়িয়েছে। খবর: রয়টার্স।
বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা তাদের অর্থ নিরাপদে রাখার জন্য স্বর্ণের দিকে ঝুঁকছেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশাও বাজারে স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে।
বর্তমানে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ২ ডলার পৌঁছেছে। আগামী ডেলিভারির জন্য স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২৫ ডলারে। গত বছর স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়েছিল, আর চলতি বছরে ইতোমধ্যেই তা ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে কয়েকটি বড় কারণ কাজ করছে। বিশ্বব্যাপী সরকারগুলো তাদের রিজার্ভের অংশ স্বর্ণে বিনিয়োগ করছেন। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরাও ভাবছেন, এখন না কিনলে পরে আরও বেশি খরচ করতে হবে। এ কারণে স্বর্ণের ক্রয়ব্যবস্থা আরও ত্বরান্বিত হচ্ছে।
বিশেষজ্ঞ ওংয়ের মতে, এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরি স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়াতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ থাকার কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য পাওয়া যাচ্ছে না। ফ্রান্স ও জাপানে রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে আকৃষ্ট করছে।
স্বর্ণের পাশাপাশি রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বৃদ্ধি পেয়েছে। রূপার দাম এখন ৪৮ ডলার, প্লাটিনামের ১ হাজার ৬৫৩ ডলার এবং প্যালাডিয়ামের ১ হাজার ৩৫৫ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্বর্ণের দাম বাড়তে থাকার সম্ভাবনা বেশি।