বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম জেলার রাউজানে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায়  মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চলা অবরোধে চরম দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীরা।

সরেজমিন দেখা গেছে, রাঙামাটি ও খাগড়াছড়ির প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার, হাটহাজারী কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। সম্পূর্ণ অচল হয়ে পড়েছে চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি যোগাযোগ ব্যবস্থা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তির দ্বীপ এলাকায় একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হেফাজত নেতা মারা যান।