গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এসময় চারজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ও শরণার্থী ছিলেন বলে জানিয়েছে গ্রিক বন্দর পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে লেসবোসের গেরা উপসাগরের কাছে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ৩৪ জনকে জীবিত অবস্থায় কাছের উপকূল থেকে উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ডের এক মুখপাত্র।
তিনি আরও জানান, নিহত ও জীবিতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অধিকাংশই সাব সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
গ্রিসের আধা-সরকারি সংবাদ সংস্থা এএনএ জানায়, অভিবাসীদের বহনকারী রাবারের নৌকাটি উপকূলের কাছাকাছি একটি পাথরে আঘাত করলে ডুবে যায়। ঘটনার সময় এলাকায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছিল এবং ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দেড় মিটার।