ঢাকা-সিলেট মহাসড়কের অংশ পরিদর্শনে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র যানজটে আটকে পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনে এসে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় আশুগঞ্জ হয়ে সরাইলে যাওয়ার সময় তিনি তীব্র যানজটে আটকা পড়েন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে রওনা হওয়ার পর মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকে পড়েন।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পাশ বন্ধ রেখে চলমান সড়ক সংস্কার এবং খানাখন্দের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনের করার কাজ চলছে। এজন্য আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এ অংশ পার হতে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।