বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশিরা নয়, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এর আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার সঙ্গে বৈঠক করেন বিএনপি প্রতিনিধি দল।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইইউর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। বাংলাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ।
আমীর খসরু আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে, তিন মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়ার বা অবগত করার বিষয়ে আলোচনা হয়েছে।
অতীতের বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার পাশাপাশি গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে প্রতিটি প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়েও ইইউ রাষ্ট্রদূতের সাথে বিএনপির আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু।