ট্রেন উদ্ধার শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রেলপথ প্রকৌশলী

সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হকের মৃত্যু হয়েছেন।

বুধবার (০৮ অক্টোবর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ জানান, মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে আসেন। উদ্ধার কাজ শেষে মোটরসাইকেলে ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান।

এদিকে দুর্ঘটনার বিষয়টি কুলাউড়া থানা ও রেলওয়ে থানায় যোগাযোহ করা হলে তারা অবগত নয় বলে জানিয়েছেন।