রসায়নে ২০২৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর এম. ইয়াঘি।
‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়নের জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে) রসায়নে নোবেল জয়ীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
ঘোষণায় বলা হয়েছে, বিজয়ীরা এমন বিশাল আণবিক কাঠামো তৈরি করেছেন যার মধ্য দিয়ে গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই মেটাল-অর্গানিক তথা ধাতু-জৈব কাঠামো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ করতে, কার্বন ডাই অক্সাইড ধারণ করতে, বিষাক্ত গ্যাস সঞ্চয় করতে বা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে ব্যবহার করা যেতে পারে।