নারায়ণগঞ্জের রূপগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ছবি আপত্তিকরভাবে এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে রাতুল তালুকদার (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রাতুল তালুকদারকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার রাতুল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নথের পেটুয়া এলাকার শাহিন তালুকদারের ছেলে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া কলেজ মাঠ থেকে তাকে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীর স্বজনরা। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা নজরুল ইসলাম মফিজ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নজরুল ইসলাম মফিজ জানান, তিনি পুরো পরিবার নিয়ে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় বসবাস করেন। তার ভাতিজী স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করছে। কিছুদিন আগে রাতুল তালুকদার নামে এক যুবকের সাথে সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় হয়। এরপর রাতুল তালুকদার কৌশলে তার ভাতিজির ফোনের সকল ডাটা নিয়ে যায়।
গত ১৫ সেপ্টেম্বর রাতুল জানায় তার কাছে কিশোরীর সকল ব্যক্তিগত তথ্য রয়েছে ও সে ২ লাখ টাকা দাবি করে। নইলে কিশোরীর ছবি আপত্তিকরভাবে এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। মান বাঁচাতে বাড়ির কাউকে না জানিয়ে কিশোরীকে তাকে ১ লাখ টাকা দেয়। এরপর গত ৭ অক্টোবর রাতুল পুনরায় ৫০ হাজার টাকা দাবি করলে তাকে সাড়ে চার লাখ টাকা দামের স্বর্ণের হার দিয়ে দেয়।
পরে রাতুল আরও টাকা দাবি করলে মেয়েটি বাড়িতে জানায়। এরপর বাড়ির লোকজনের কথামতো বুধবার সকালে টাকা নিতে রাতুলকে মুড়াপাড়া কলেজে আসতে বলা হয়। বেলা ১২ টার দিকে রাতুল টাকা নিতে আসলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীর পরিবার ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি জানায়। আমরা ওই যুবককে পুনরায় টাকা নিতে আসার জন্য বলতে বলি। রাতুল টাকা নিতে আসলে তাকে পরিবারের লোকজন আমাদের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।