আটলান্টা ফায়ারের হয়ে ইউএসএ মাইনর টি-টোয়েন্টি লিগের শিরোপা জয়ের পর নতুন অভিযানে বেরিয়েছেন সাকিব আল হাসান। এবার গন্তব্য কানাডা। সেখানে আজ (বাংলাদেশ সময় কাল সকাল ৬টা) থেকে শুরু হচ্ছে নতুন এক ইনডোর ক্রিকেট আয়োজন কানাডা সুপার ৬০ টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সের হয়ে খেলছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
টেইলর সুইফটের কনসার্ট, মনস্টার ট্রাক রেস বা অলিম্পিকের উদ্বোধন—এমন নানা আয়োজনের সাক্ষী ভ্যাঙ্কুভারের ৪২ বছর বয়সী বিসি প্লেস স্টেডিয়াম এবার প্রথমবারের মতো ক্রিকেট আয়োজন করছে।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি পুরুষ ও দুটি নারী দল , যাদের দলে আছে আন্তর্জাতিক ও স্থানীয় ক্রিকেটারদের সমন্বয়। ম্যাচ হবে টি১০ ফরম্যাটে, অর্থাৎ ১০ ওভারের খেলা, ৬০ বল। প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য মাত্র ৯০ মিনিট।
২০১০ এ শীতকালীন অলিম্পিকের ভেন্যু বিসি প্লেসের কৃত্রিম টার্ফের ওপর বসানো হয়েছে অস্থায়ী হাইব্রিড পিচ, যা তৈরি করেছে অস্ট্রেলিয়ার গাব্বা স্পোর্টিং প্রোডাক্টস। মাঠের আয়তন রাখা হয়েছে ক্রিকেট কানাডার মানদণ্ড অনুযায়ী।
সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের অনেক তারকা- কুইন্টন ডি কক, সিকান্দার রাজা, অ্যালেক্স হেলস, রহমতউল্লাহ গুরবাজ, জেসন রয়, মইন আলি, রাসি ভ্যান ডার ডুসেন, শোয়েব মালিক, ডেভিড মালান, জো ক্লার্ক, উইল স্মিড।
৬ দল লিগ ভিত্তিতে খেলার পর সেরা চার দল উঠবে সেমিফাইনাল। ফাইনাল হবে ১৩ অক্টোবর।
সাকিবদের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় কাল সকাল সাড়ে ৮টায় শুরু হবে। দেখা যাবে ফ্যানকোড চ্যানেলে।