বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

জোয়ারের পানির তেড়ে খুলনার উপকূলীয় উপজেলা দাকোপের বটবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ২৫ মিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীতে বিলীন হয়ে গেছে। এর ফলে বটবুনিয়া, কামিনীবাসিনীসহ আশপাশের অন্তত ৪টি গ্রাম প্লাবিত হয়েছে। লোনা পানিতে ভেসে গেছে এলাকার পুকুর ও মাছের ঘের, তলিয়ে রয়েছে হাজার হাজার হেক্টর রোপা আমন ধানের ক্ষেত। পানিবন্ধি হয়ে পড়েছে প্রায় এক হাজার পরিবার। 

তিলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন গাজি ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে ঢাকি নদীতে জোয়ারের সময় পানির উচ্চতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এতে অতিরিক্ত পানির চাপের কারণে বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে (হরি মন্দির সংলগ্ন) পাউবোর ২৫ মিটার ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধটি ভেঙে গিয়ে নদীতে বিলীন হয়ে যায়। 

বুধবার (৮ অক্টোবর) সকালে ভাটায় পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী জিও টিউবে বালি ভরে বাঁধ মেরামতের চেষ্টা করা হয়। কিন্তু ব্যর্থ হওয়ায় দুপুরের ফের জোয়ারে পানি প্রবেশ করে। দ্রুত বাঁধ আটকাতে না পারলে ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। 

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, জিও টিউব দিয়ে স্থানটি আগে মেরামত করা ছিল। তবে মঙ্গলবার রাতে জোয়ারের পানির চাপে জিও টিউব ফেটে বালু বের হয়ে আবারও ভেঙে যায়। এতে কয়েকটি গ্রামে লোনা পানি প্রবেশ করেছে। বুধবার সকালে ভাঙন কবলিত স্থান মেরামত করে পানি আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই জোয়ার আসে, এ কারণে বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। তবে আশা করা যাচ্ছে রাতে পরবর্তী জোয়ার আসার পূর্বে বাঁধ মেরামত সম্ভব হবে।