চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিরাজ এলাকায় এ ঘটনা ঘটে। সুজন দেবনাথ ওই এলাকার মৃত খোকন দেবনাথের ছেলে।
সুজনের মা অঞ্জলী দেবনাথ জানান, আমার ছেলে দিনমজুরের কাজ করতো। আজ কোনো কাজে যায়নি। দুপুরে ঘর থেকে বের হয়। বিকেলে বাড়ির লোকজনের কাছ থেকে শুনে তালুকদার বাড়ির পেছনের ক্ষেতে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ পড়ে আছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সুজন দেবনাথের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ কেউ বলছেন সাপের কামড়ে অথবা দুপুরের বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, কৃষিজমি থেকে সুজন দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।