ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান বলেছেন, সকল রোগের শেফা আল্লাহ দিয়ে দেন। আমাদেরকে এগুলো বের করে নিতে হবে। ভ্যাকসিন হালাল কিনা প্রশ্ন উঠেছিলো। পরবর্তীতে এটা যাচাই বাছাই করে দেখা হয়েছে এখানে হারাম কোনো উপাদান নেই। যার জন্য এটি পুরো হালাল ভ্যাকসিন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারকরণে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।
আ. ছালাম খান বলেন, ডাক্তার ও বিজ্ঞানিরা পরীক্ষা করে দেখেছেন এই ভ্যাকসিনের মাধ্যমে টাইফয়েডকে নির্মূল করা যাবে। এটা যথেষ্ট নিরাপদ একটি ভ্যাকসিন। এটা মানুষের স্বাস্থ্যসেবায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আমরা এই টিকার মাধ্যমে শেফা পেয়ে যাব। আল্লাহ যদি এই ওষুধকে ক্ষমতা দিয়ে থাকেন তাহলে এই ওষুধ আমাদের মুক্তি দিয়ে দিবে। এই ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, এই বাংলাদেশ আলেম উলামার দেশ। ওলি আউলিয়ারা এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। মুসলমানের দেশ বাংলাদেশ। আলেমরা ঐক্যবদ্ধ থাকুক এটা আমরা চাই। যেহেতু এটা হালাল ভ্যাকসিন আমদের কাজ হচ্ছে মানুষের সেবায় এটা যেন ধর্মীয়ভাবে কোনো বাধা না পায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রেজ্জাকুল হায়দার, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এর আগে সকালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ পালন উপলক্ষ্যে সিটি করপোরেশন পর্যায়ে সাংবাদিক সম্মেলন নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাসিকের সচিব নুর কুতুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাসিকের টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৪ হাজার ২১৭ জন। তবে মাত্র ৪৫ হাজার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত সকল শিশুকে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। তবে যারা রেজিষ্ট্রেশন করবে না তারা কোন টিকা কার্ড পাবে না।