দশ দিনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ম্যাচ ভেন্যুতেই এতদিন ঘাম ঝড়িয়েছে তারা। যেটা একেবারেই ভালো লাগেনি হংকং কোচের। ফিফা-এএফসি'র নিয়ম ভেঙে স্বাগতিকদের হোম ভেন্যু ব্যবহারের সমালোচনাও করেছেন ব্রিটিশ কোচ অ্যাশলে ওয়েস্টউড। দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন কাজ করার সুবাদে সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে মোকাবেলা করতে এসেছেন তিনি। মাঠের লড়াইয়ের আগে আবার প্রতিপক্ষকে কথার লড়াইয়ে ভড়কে দেওয়ার পন্থা নিয়েছেন। বাংলাদেশের অন্যতম অস্ত্র হামজা চৌধুরীকে নিজ দলে থাকলে বেঞ্চে বসিয়ে রাখতেন বলে একটু কটাক্ষই করতে চাইলেন যেন।
হামজা তার দলে থাকলে কোথায় খেলাতেন? এই প্রশ্নের জবাবে ১৫ বছর বিভিন্ন ইংলিশ ক্লাবে খেলা ওয়েস্টউড বলেন, ‘সম্ভবত বেঞ্চে।’ হামজা একাই বাংলাদেশের জন্য সবকিছু করতে পারবে না, সেটাও বোঝাতে চাইলেন এই কোচ, ‘হামজাকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা তার ক্ষমতা সম্পর্কে অবগত। ইংল্যান্ডে সে বেশিরভাগ সময় রাইট-ব্যাক হিসেবে খেলে। সে মিডফিল্ডে খেলতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। কিন্তু এটা তাদের দলের ব্যাপার। একজন খেলোয়াড় কখনও দলের জন্য সবকিছু হতে পারে না।’
ওয়েস্টউড মাঠ প্রসঙ্গে বাফুফের সমালোচনা করেছে সরাসরি। ম্যাচ ভেন্যুতে স্বাগতিক দল কেন ৯ দিন অনুশীলনের সুযোগ পেলো প্রশ্ন তার, 'ম্যাচ ভেন্যুকে ম্যাচের আগে কমপক্ষে দুই থেকে তিন দিনের বিশ্রাম দিতে হয়। তবে দুঃখ পেয়েছি এটা শুনে যে এ মাঠ বাংলাদেশ ফুটবল ফেডারেশন টানা ৯ দিন দলকে ব্যবহারের সুযোগ দিয়েছে। এটা ঠিক হয়নি। এটা আইনের পরিপন্থি।' তারপরও বাস্তবতা মেনেই এ ম্যাচ থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে চাইছেন দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে যৌথভাবে গ্রুপের শীর্ষে থাকা হংকংয়ের কোচ, 'আমাদের দ্রুত প্রস্তুতি নিতে হয়েছে। আমরা মূলত কৌশলগত বার্তাগুলো খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। দল ভালো মানসিকতায়, খেলোয়াড়রা সুস্থ এবং আত্মবিশ্বাসী। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়াও ইতিবাচক। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।'