তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস- ফিৎসজেরাল্ড গতকাল বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়। সফরকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। এ ছাড়া পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ-সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। এর ফলে নৌবাহিনীদের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের নৌ-প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ বেগবান হবে।
সফরকালে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে। শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। জাহাজটি সফর শেষে আগামীকাল ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।