সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক। গতকাল বুধবার দুপুরে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ।
তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। এদিকে দুর্ঘটনার বিষয়টি কুলাউড়া থানা ও রেলওয়ে থানা অবগত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন: মাগুরার শালিখা উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত মঙ্গলবার রাতে ৮টার দিকে উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কের সাতনফুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শালিখার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আবু হুরায়রা (২১) ও এক অজ্ঞাতপরিচয় পথচারী। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটির সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নসিমনটি উল্টে পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আবু হুরায়রা ও অজ্ঞাতপরিচয় ওই পথচারীর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের অন্য আরোহী রিফাত গুরুতর আহত হন। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে যান।