জাতিসংঘ

৬ লাখ কোটি টাকার বেশি প্রয়োজন গাজা পুনর্গঠনে

ইসরায়েল বাহিনীর দুই বছর ধরে চলা বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ধ্বংস হয়ে গেছে উপত্যকাটির বেশিরভাগ ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদ। এতে ক্ষয়ক্ষতি এমনিই হয়েছে যার কারণে গাজা পুনর্গঠনে ৫২ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৩৪ হাজার কোটি টাকা) লাগবে বলে জানান জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিসের পরিচালক জোর্গে মোরেইরা দা সিলভা। 

সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি জানান, গাজার ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শেষ হলে প্রথমে ধ্বংসস্তূপ সরানোকে প্রাধান্য দেওয়া হবে।

এদিকে গাজা যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে ইসরায়েল ও হামাস রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, শান্তি চুক্তির অর্থ হল খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজা থেকে তাদের সেনাদের প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে ৬৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় আহত হয়েছে আরও ২ লাখ ফিলিস্তিনি।