সিরাজগঞ্জে নসিমনের ধাক্কায় অটোরিকশা চালক ও শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নসিমন গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) ও অপরজন কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে ও অটোরিকশা চালক মো. হাইফোত হোসেন (৫২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে একটি গরু বোঝাই নসিমন গাড়ি নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাইফোত হোসেন ও অটোরিকশা যাত্রী শিশু জনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।