ভারতের বিপক্ষে সাদা বলের দল থেকে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। সেই ক্ষোভ থেকেই বোধহয় ব্যাট হাতে জ্বলে উঠলেন এই টপ অর্ডার ব্যাটার। যদিও তার দুর্দান্ত সেঞ্চুরির দিনে রান পাহাড় গড়েও জয় পায়নি কুইন্সল্যান্ড। তাসমানিয়ার বিপক্ষে তারা পাঁচ উইকেটে পরাজিত হয়েছে।
বৃহস্পতিবার অ্যালান বর্ডার মাঠে অনুষ্ঠিত ম্যাচে কুইন্সল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৫.৩ ওভারে ৩১১ রানে অল-আউট হয়। দলের হয়ে লাবুশেন খেলেন ৯১ বলে ১০৫ রানের দারুণ ইনিংস, যাতে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। তাকে সঙ্গ দেওয়া বেন ক্লেটন করেন ৬৪ রান এবং ম্যাট রেনশ করেন ৩৮। তাসমানিয়ার হয়ে নিখিল চৌধুরী নেন ৩ উইকেট।
জবাবে তাসমানিয়া ৪৮.২ ওভারে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখি জয় তুলে নেয়। রান তাড়ায় তাসমান ওপেনার টিম ওয়ার্ড খেলেন ৮৮ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস। এটাই তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এছাড়া জর্ডান সিল্ক অপরাজিত থাকেন ৮৫ রানে এবং ক্যালেব জুয়েল করেন ৭৯ রান।
এই জয়ে তাসমানিয়া তিন ম্যাচে টানা তিন জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। এই সেঞ্চুরির মাধ্যমে লাবুশেন দেখিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। গত সপ্তাহে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে করেছিলেন ১৬০ রান, তার আগে ভিক্টোরিয়ার বিপক্ষে ওয়ানডেতে করেছিলেন ১৩০ রান।
লাবুশেনের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে। এরপর ফর্ম হারিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়েন। আসন্ন অ্যাশেজে ওপেনিং পজিশনে উসমান খাজার সঙ্গী হতে লাবুশেনের সঙ্গে লড়াই করছেন স্যাম কনস্টাস, মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট ও ম্যাট রেনশ।