১৪০ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করল গণতন্ত্র মঞ্চ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৪০ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে ‘গণতন্ত্র’ মঞ্চ।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।

১৪০ আসনের তালিকার মধ্যে গণতন্ত্রের মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন বগুড়া-২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু মনোয়ন পেয়েছেন।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বলেন, গণতন্ত্র মঞ্চের ৬ সংগঠন এক সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্তে এসেছি। কিন্তু গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুক্ত হতে পারে এমন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা রয়েছে। সেদিক থেকে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে এবং অন্যভাবেও মঞ্চের আকার বাড়তে পারে।

তিনি বলেন, নতুন ভাবে গণতন্ত্র মঞ্চসহ যেকোনো নির্বাচনি জোট হতে পারে। এমনকি এই জোটের আরো বৃহত্তর জোটের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে পারে। সেসব দিক বিবেচনা করে তিন ধরনের তালিকা তৈরি করছি। প্রথমে ৩০০ আসনে প্রার্থী তালিকা বাছাই করব। তারই অংশ হিসেবে আজকে ১৪০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি। বাকি আসনগুলো আমরা পরে ঘোষণা করব।আমাদের জোট যদি বৃহত্তর জোটে বিস্তৃত করে তাহলে সমঝোতার ভিত্তিতে সেটা বৃদ্ধি করব বা কমাবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।