নেত্রকোনায় হাত-পা মুখ বাঁধা যুবক উদ্ধার

নেত্রকোনার আটপাড়ায় এবার সারের ডিলার আল মামুন (৩২) নামের এক যুবককে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) রাতে জেলার আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের বাউসি বাজারের লোকজন রাতে বাড়ি ফেরার পথে সড়কের পাশে খালপাড়ে পড়ে থাকা অবস্থায় মামুনকে উদ্ধার করে।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আটপাড়া সুখারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার একমাত্র ছেলে আল মামুন।  

ভুক্তভোগী আল মামুন জানায়, তাকে গেল কয়েক মাস ধরে ইলিয়াস রাসেলরা হুমকি দিয়ে আসছিলো। মেরে ফেলার হুমকির ঘটনায় মাস খানেক আগে মামুন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু গেল দু-তিন দিন আগে আবারও নিয়ে গুম করে মেরে ফেলার হুমকি দেয়। গত বুধবার রাতে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথরোধ করে ইলিয়াস রাসেল মারধর করতে থাকে। পরে সেও বাঁচার চেষ্টা করলে আরও কয়েকজন মিলে তাকে ধরে হাত পা মুখ বেঁধে ফেললে সে অজ্ঞান হয়ে যায়। পরে জঙ্গলের দিকে নদীর পাড়ে ফেলে চলে যায়। তার কাছে থাকা ৬২ হাজার টাকা ও মোবাইল চাবি সব নিয়ে গেছে। পরবর্তীতে স্থানীয় কয়েকজন বাড়ি ফেরার পথে হাত-পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। 

এদিকে স্বজনরা জানায়, গেল ৫ আগস্টে পট পরিবর্তনের পর সারের ডিলারশীপ পরিবর্তন হওয়ায় আওয়ামী লীগের সাবেক ডিলারদের একটা ধন্ধ ছিলো মামুনের বাবার সঙ্গে। 

থানায় মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মামুনের বাবার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যায় মামলা দায়ের করা হবে। একমাস পূর্বে জিডি সম্পর্কে তিনি জানেনা বলেও জানান। 

তবে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, ঘটনা নিয়ে মামলা দিলে ব্যবস্থা নেবে। এছাড়াও যেহেতু আইনশৃঙ্খলা বিঘ্নিত একটি ঘটনা তাই পুলিশের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ যে ডায়েরিটা করেছিলো সেটিকে পর্যালোচনা করে মামলার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঘটনাটি দলীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে একাধিক সূত্রে জানা গেছে।