মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী, কালোবাজারি, গাড়ি ছিনতাইকারী এবং গরু চোরসহ সকল ধরনের অপরাধীকে শতভাগ সহায়তাকারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি ও ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে ঈশ্বরগঞ্জের বাসিন্দা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ সাইদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য প্ল্যানিং করে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটানো হচ্ছে। সেই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী থেকে শুরু করে কালোবাজারি, গাড়ি ছিনতাইকারী এবং গরু চোরসহ সকল ধরনের অপরাধীকে শতভাগ সহায়তা করে যাচ্ছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি বলেন, অপরাধীদের সঙ্গে ওসির গভীর সখ্যতা ও যোগসাজশের ফলে আজ ঈশ্বরগঞ্জে চরম ভীতিকর পরিবেশ বিরাজ করছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ ওসিকে ঈশ্বরগঞ্জ থানা থেকে প্রত্যাহার না করা হলে থানা ঘেরাওয়ের কর্মসূচি পালন করা হবে। আর তখন যেকোনো অপ্রীতিকর ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, এই ধরনের দুর্নীতিবাজ ও অপরাধের পৃষ্ঠপোষকদের এখনো দায়িত্ব পালনের সুযোগ দেওয়া নিঃসন্দেহে দুঃখজনক ব্যাপার। অবিলম্বে ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানসহ সকল দুর্নীতিবাজ ও আওয়ামী দোসর কর্মকর্তাদের অপসারণ দাবি করছি।