দাউদকান্দিতে যুবককে হত্যার অভিযোগ

কুমিল্লার দাউদকান্দিতে আল আমিন (২৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের হাউশদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের বারেক মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

নিহতের ভাই আলম মিয়া বলেন, “দুপুরে আমাদের বাড়ির মসজিদের পুকুরপাড়ে পাশের বাড়ির ডালিমসহ ৪-৫ জন মিলে আমার ভাইকে মারধর করে। কী নিয়ে ঝগড়া হয়েছে বা কেন মেরেছে, তা বলতে পারি না। চিৎকার শুনে দৌড়ে গিয়ে ভাইকে বাড়িতে নিয়ে আসি। 

কিছুক্ষণ পর ভাবি বলে, ‘তোমার ভাই কেমন জানি করছে।’ পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে মারা গেছে।”

নিহতের স্ত্রী সুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পাশের বাড়ির ডালিমসহ কয়েকজন মিলে আমার সহজ-সরল স্বামীকে মেরে ফেলেছে। সে কারও সঙ্গে কখনও ঝগড়া-বিবাদ করেনি। 

কেন মেরেছে, জানি না। দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে এখন আমি কীভাবে চলব?”

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনদের অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”