নীলফামারীতে চাড়ালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর জলঢাকা উপজেলার চাড়ারকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান আলী (৮) এবং নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা এলাকার হৃদয় হোসেনের ছেলে মাসুম হোসেন (১০)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল ইসলাম। 

তিনি জানান, দুপুর ১টার দিকে নদীর ধারে বসে তিন শিশু খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত হাসান ও মাসুম নদীতে পড়ে যায়। তখন নদীর পাড়ে থাকা অপর শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের খোঁজ করতে থাকে।

অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না মেলায় জলঢাকা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে প্রায় একশ গজ দূরে তাদের মরদেহ উদ্ধার করে।

চেয়ারম্যান বলেন, “বর্ষার কারণে নদীটির বিভিন্ন স্থানে গভীরতা বেড়ে গেছে, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শত শত শিশু-কিশোর এই নদীতে গোসল করতে আসে।”