নারায়ণগঞ্জে বাস খাদে পড়ে নারী-শিশুসহ আহত ১০

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার বিকেলে দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

সোনারগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী জানান, “খবর পেয়ে নয়জনের একটি টিম নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। ডুবুরি দল তল্লাশি চালিয়েছে। 

তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যে হাইওয়ে পুলিশের একটি রেকার এসেছে, আরও একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা ছিলেন কিনা তা জানা যাবে।”