ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইছাপুর ইউনিয়নের আড়িয়ল গ্রামে একটি টিনের দোচালা ঘর থেকে বাচ্ছু মিয়া (৬২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত বাচ্ছু মিয়া দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন। তার ছেলে প্রবাসে থাকেন এবং স্ত্রীও অন্যত্র অবস্থান করেন। তার ঘর থেকে সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।