নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতার উদ্যোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এর ফলে পানি বাহিত রোগ, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিত।

এই জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

বৃহস্পতিবার বিকেলে গোপালনগরে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

এ ছাড়া বক্তাবলীর রাধানগর এলাকায় গণসংযোগকালে ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস দেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই যুবদল নেতা।

এ সময় মশিউর রহমান রনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি অনুসরণ ও বাস্তবায়নের লক্ষ্যে জনসেবামূলক কাজ করে যাচ্ছি। জনগণের সমস্যা সমাধান ও কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে বক্তাবলীতে ধলেশ্বরী নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমি বিশ্বাস করি, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে, তাহলে আমরা আরও বৃহত্তর পরিসরে জনগণের জন্য কাজ করতে পারব।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হক আলমগীর, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফ হোসেন মানিক, বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা সুমন আকবর, দিদার হোসেনসহ আরও অনেকে।